গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর, ভয় দেখিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়ায় থানায় অভিযোগ
বার্তা বিভাগ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
যোগফল প্রতিবেদক:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গভীর রাতে রাজনৈতিক দলের পরিচয়ে ব্যবহার করে একটি বাড়িতে ঢুকে বেড়াতে আসা স্বজন ও পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত এক যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার ও বেড়াতে আসা স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের ময়দাম গ্রামে। এ ঘটনায় আহত মো. হুমায়ুন কবির ওরফে আলতাফ (২৬) ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ১০.সেপ্টেম্বর বিকেলে হুমায়ুন কবিরের বাড়িতে কয়েকজন আত্মীয় বেড়াতে আসেন। রাতে খাওয়াদাওয়া শেষে তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে একই এলাকার মো. শফি উদ্দিন (৫০), মো. মাসুদ রানা (৩০), মো. বকুল মিয়া (৫০), মো. মতিয়ার রহমান মতি (৪৫), মো. হাসেম আলী (২৫) ও মো. শরিফুল ইসলাম (২৪)সহ কয়েকজন অনধিকারভাবে বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে প্রবেশের পর তাঁরা বেড়াতে আসা স্বজনদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ ও বদনাম করে মোটা অংকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের ওপর হামলা চালানো হয়। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয়। এতে হুমায়ুন কবির ওরফে আলতাফ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
অভিযোগে আরও বলা হয়েছে, মারধর ও প্রাণনাশের হুমকির মুখে অভিযুক্ত শরিফুল ইসলামের ০১৭০৩০৩৮৭১৫ বিকাশ নম্বরে ১৯ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয়। এ ছাড়া বেড়াতে আসা মো. জাকির হোসেনের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা এবং মো. সুজন মিয়ার কাছ থেকে ২৬ হাজার ৩০০ টাকা নেওয়া হয়। সব মিলিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগকারীর দাবি, রাত থেকে ভোর প্রায় পাঁচটা পর্যন্ত আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখার পর অভিযুক্তরা চলে যান। পরে বিষয়টি থানায় জানানো এবং হাসপাতালে চিকিৎসা নেওয়া হলে খুন, জখম ও গ্রামছাড়া করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তাহীনতায় বেড়াতে আসা স্বজনরা ভোরেই এলাকা ছাড়তে বাধ্য হন।
পরদিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা প্রত্যাখ্যান করেন বলে অভিযোগ। উল্টো ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে খুন-গুম ও গ্রামছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত হুমায়ুন কবিরকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হুমায়ুন কবির বলেন, “মারধরের পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। পরিবারের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলাম। এ কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”
ভূরুঙ্গামারী থানার চার্জ(অফিসার ইনচার্জ) এস আই (নিঃ)মোঃ মনিবুর রহমান জানিয়েছে, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়ার পর এসআই শাহাজাহান আলী মন্ডলকে তদন্ত করার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন